Unverified

হেফাজতের অভিযোগ- ১৩ দফা নিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা চলছে

12:00 Apr 13 2013 Dhaka, Bangladesh

Description
সরকারের মন্ত্রী, সুশীল সমাজের কিছু সদস্য ও বুদ্ধিজীবী বিভ্রান্তি সৃষ্টি করার জন্য হেফাজতে ইসলামের ১৩ দফা নিয়ে নানা ধরনের ‘ব্যাখ্যা-বিশ্লেষণ’ শুরু করেছেন বলে অভিযোগ করেছে হেফাজতে ইসলাম।

সংগঠনের ঢাকা মহানগর কমিটির নেতারা গতকাল শুক্রবার বিকেলে রাজধানীতে এক বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে এ অভিযোগ করেন। তাঁরা দাবি করেন, ১৩ দফাকে যাঁরা সংবিধান পরিপন্থী বা মধ্যযুগীয় বর্বরতা বলছেন, তাঁরা এ দেশের মুসলমানদের মনের ভাষা বুঝতে ব্যর্থ হচ্ছেন।

সমাবেশে বক্তারা হেফাজতে ইসলামকে নিয়ে সরকারের মন্ত্রী-সাংসদদের সংযত হয়ে কথা বলার আহ্বান জানান। অন্যথায় ‘দেশের ইসলামপ্রিয় জনগণ’ রাজপথে তাদের জবাব দেবে বলে হুঁশিয়ার করেন তাঁরা।

৮ এপ্রিলের হরতালে নেতা-কর্মীদের গ্রেপ্তার ও ‘মারধর করা’র প্রতিবাদে গতকাল হেফাজতে ইসলাম সারা দেশে দোয়া ও প্রতিবাদ সমাবেশ করে। এসব সমাবেশ থেকে অবিলম্বে আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবি করা হয়।

চট্টগ্রামের আন্দরকিল্লা মসজিদ থেকে বাদ জুমা মিছিল বের করে হেফাজতে ইসলাম। তারা মাহমুদুর রহমানের ছবিযুক্ত প্ল্যাকার্ড বহন করে এবং অবিলম্বে তাঁর মুক্তি দাবি করে স্লোগান দেয়। মিছিলটি চকবাজার অলি খাঁ মসজিদ মোড়ে গিয়ে শেষ হয়।

ঢাকার পুরানা পল্টনের সমাবেশে সভাপতির বক্তব্যে আবদুর রব ইউসুফী বলেন, ‘শাহবাগি লাঠিয়াল বাহিনীকে অবিলম্বে প্রত্যাহার করুন। মাহমুদুর রহমান আমাদের আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছেন। এই জ্বালায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। অবিলম্বে তাঁকে মুক্তি দিন, নইলে তালা ভেঙে নিয়ে আসব।’

প্রধান অতিথির বক্তব্যে হেফাজতে ইসলামের উপদেষ্টা শাহ আহমদুল্লাহ আশরাফ বলেন, ‘আওয়ামী লীগের ছোট থেকে বড়—সবাই মিথ্যাবাদী। আসুন, সবাই মিলে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করি।’
আরেক উপদেষ্টা মাওলানা মুহাম্মদ ইসহাক বলেন, ‘১৩ দফা বাস্তবায়ন হলে গার্মেন্টসের নারী শ্রমিকদের চাকরি থাকবে না বলে তাঁদের উসকে দিয়ে মাঠে নামানোর চেষ্টা চলছে। আমরা পরিষ্কার করে বলছি, ১৩ দফা মানলে মহিলারা মানইজ্জতের সঙ্গে কাজ করবেন, কোনো বাধার সৃষ্টি হবে না।’

হেফাজতে ইসলাম নারী উন্নয়নের বিরোধী নয় দাবি করে সংগঠনের যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল্লাহ বলেন, ‘সরকারকে ক্ষমতায় থাকতে চাইলে নাস্তিকদের সঙ্গে বন্ধুত্ব ছাড়তে হবে। তৌহিদী জনতার আস্থা অর্জন করতে হবে। মাহমুদুর রহমানকে মুক্তি না দিলে দেশ অচল হয়ে যাবে।’

সমাবেশ শেষে একটি মিছিল দৈনিক বাংলা, মতিঝিল হয়ে বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকে গিয়ে শেষ হয়।

‘ইসলামী দলসমূহের’ হুমকি: প্রথম আলোর কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি জানান, গতকাল বিকেলে কামরাঙ্গীরচর মাদ্রাসায় এক সংবাদ সম্মেলনে কাল রোববারের মধ্যে হেফাজতে ইসলামের ১৩ দফা দাবি মেনে নেওয়া ও আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে ধর্মভিত্তিক সাতটি দলের জোট ‘ইসলামী দলসমূহ’। অন্যথায় সোমবার থেকে ‘হরতালের চেয়েও কঠিন’ কর্মসূচি দেওয়ার হুমকি দেন জোটের আহ্বায়ক ও খেলাফত আন্দোলনের আমির শাহ আহমদুল্লাহ আশরাফ।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী, খেলাফত আন্দোলনের মহাসচিব জাফরুল্লাহ খান প্রমুখ।
Credibility: UP DOWN 0
Leave a Comment
Name:
Email:
Comments:
Security Code:
13 + 4 =